সারা দেশে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেও বিএনপি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা তার অন্যতম প্রধান দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কিংবা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণের জন্য কাজ করছে দাবি করে রিজভী বলেন, সরকার জনগণ ও দলের স্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে জনগণের মধ্যে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাই নেবেন।