পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা’। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে বাদ মাগরিব উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পক্ষকালব্যাপী এ আয়োজনের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধের পাশাপাশি শান্তি, সাম্য, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা মানুষের কাছে তুলে ধরা হবে।
অনুষ্ঠানমালায় ওয়াজ মাহফিল, কেরাত মাহফিল, হামদ-নাত মাহফিল এবং ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতারে প্রচারের জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শানে রচিত কবিতা পাঠের বিশেষ আয়োজন থাকবে।
এ ছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলাও অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন।
আয়োজনগুলোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানমালায় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ ও অনুষ্ঠান উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।