৫ আগস্টের পর জনগণ ফ্যাসিবাদের অবসান হয়েছে বলে আশা করেছিল। কিন্তু দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা থেকে সরে না এলে দেশের জনগণ আওয়ামী লীগের মতোই তাদেরও বিতাড়িত করবে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে একটি দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের ইতিহাসও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল’ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সেই অভ্যুত্থানের চেতনা ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, যারা অপরাধের দায় নিয়ে দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফিরে আসার সুযোগ নেই।
বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, একটি দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধার অন্যতম প্রতিফলন পাসপোর্ট সূচক। এ সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। নাগরিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।