জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার অংশ হিসেবে চট্টগ্রামে আজ সোমবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় নগরের স্টেশন রোড এলাকার হোটেল সৈকতে এ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে।
দলের সাম্প্রতিক সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ সমন্বয় সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের পরবর্তী সাংগঠনিক কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ।
এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সেক্রেটারি ফারহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব। স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ এস এম সুজা উদ্দিন।