আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন ভেঙে গঠিত হয়েছে নতুন ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়ন। নতুন ইউনিয়নের গেজেট প্রকাশিত হওয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নতুন ইউনিয়ন গঠনের ফলে এখন থেকে সেনবাগ উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থাকবে। কাবিলপুর ইউনিয়ন বিভক্ত করে ইয়ারপুর ইউনিয়ন গঠনের ফলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বলে আশা করছেন স্থানীয়রা।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরে শোভাযাত্রাটি ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের জ্যেষ্ঠ কন্যা তামান্না ফারুক থীমা,
নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্যাহ, সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর নবী বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
এ সময় বক্তারা নতুন ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের গেজেট প্রকাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নতুন ইউনিয়ন গঠনের জন্য নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, কাবিলপুর ইউনিয়ন ভেঙে নতুন ইয়ারপুর ইউনিয়ন গঠনের ফলে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।