বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে তথ্য সংগ্রহের জন্য সেখানে যাওয়া সাংবাদিকদের ফটক থেকেই ফিরিয়ে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ একই সঙ্গে সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।
সকাল থেকে বলাকা ভবনে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের অনুমতি নেই বলে জানিয়ে দেন। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে হয় তাদের।
তবে সাংবাদিকদের প্রবেশে হঠাৎ এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠিয়েও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ সাংবাদিকদের নিয়মিত পেশাগত কাজের অংশ। এমন পরিস্থিতিতে কী কারণে দুই দিনের জন্য সাংবাদিক প্রবেশ সীমিত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।