নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌর শহরের কুরপাড় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি লাইনের তারে বিদ্যুৎপৃষ্টে একটি ৮মাসের গর্ভবতী গাভী মারা গিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এলাকাবাসীর দাবি বিদ্যুৎ বিভাগের অবহেলায় প্রায়ই ঘটছে এরকম দুর্ঘটনা। রোববার বিকেলে শহরের কুরপাড় মীরবাড়ি সড়কের এই দুর্ঘটনা ঘটে।
গাভিটি ওই এলাকার খামারি সৈয়দ শফি আহমেদ এর খামারের একটি গরু।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহরের কুরপাড় মীরবাড়ি এলাকায় সৈয়দ শফি আহমেদের একটি দুগ্ধ খামার রয়েছে। ওই খামারে তিনি উন্নত জাতের গাভী লালন পালন করেন এবং দুধ উৎপাদন করে থাকেন। ওই এলাকায় আমিষ জাতীয় খাবার দুধের চাহিদাও পূরণ করার ভূমিকা রাখে খামারটি।
রোববার দুপুরে খামারে গরুগুলো গোসল দিয়ে ঘাস খাওয়ার জন্য বাইরে ছাড়া হয়। এর ফাঁকে বিকেলে মীরবাড়ী টাওয়ারের পাশে একটি ট্রান্সমিটারের পিলারের পাশ দিয়ে গরুটি যাচ্ছিল। পিলারের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারের মধ্যে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে গাভীটি মারা যায়।
খামারের ম্যানেজার হেলিম মিয়া বলেন, প্রতিদিনের মতো আজ দুপুরে গাভী গুলোকে গোসল দিয়ে খামারের আশেপাশে খোলা জায়গায় ঘাস খাওয়ার জন্য ছাড়া হয়। এরমধ্যে টাওয়ারের পাশে ট্রান্সমিটারের কুটির সাথে ঝুলে থাকা তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে গরুটি মারা যায়। এরকম ঘটনা শহরে প্রায়ই বিভিন্ন এলাকায় ঘটছে।
কয়েকদিন আগে কুরপাড় কাইলাটি মোড়ে সড়কের পাশে একটি বিদ্যুতের কুঠির মধ্যে একটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বিদ্যুৎ বিভাগকে জানালে তারা এগুলো নিয়ে কোন গুরুত্ব দেয়নি। আমি চাই সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহা. সালাহউদ্দদীন জনান, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।