বাংলাদেশে টানা ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
রোববার (১২ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।
এ ছাড়া পাকিস্তান ও মালদ্বীপ সরকারও বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—বন্যার কবলে পড়েছে। বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান দুর্যোগে সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।