জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দেশের সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, একটি দক্ষ ও সৎ প্রশাসন ছাড়া বাজেটের সফল বাস্তবায়ন সম্ভব নয়। অতীতে ক্ষতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠনে সরকার কাজ করছে।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। দীর্ঘ প্রস্তুতি, অংশীজনের মতামত এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
আব্দুল বারী জানান, বাজেটে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, ওয়ান স্টপ সার্ভিস সম্প্রসারণ, আর্থিক খাতের সংস্কার, ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার নিবিড় তদারকি করছে। উন্নয়ন ব্যয় কার্যকরভাবে বাস্তবায়িত হলে কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।