কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হামলার সঙ্গে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।
এবি পার্টির দুই নেতা বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও অস্ত্রের ব্যবহার বরদাশত করা উচিত নয়। রাজধানীর একটি আবাসিক এলাকায় সশস্ত্র ব্যক্তিদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
দলটির পক্ষ থেকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যবহৃত অস্ত্র ও যানবাহনের উৎস শনাক্ত এবং লুট হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার নেপথ্যে কারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা জনসম্মুখে প্রকাশের আহ্বান জানানো হয়েছে।