প্রধানমন্ত্রী তারেক রহমানকে তীব্র সমালোচনা করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনার রেখে যাওয়া ‘ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার’ হতে চেয়েছিলেন তারেক রহমান।
তার অভিযোগ, বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতা তাকে পুরোনো রাষ্ট্রব্যবস্থা সংস্কারের পরিবর্তে তা পরিচালনার দিকেই উৎসাহিত করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হাসনাত।
পোস্টে তিনি দেশের বর্তমান অস্থিতিশীলতা ও জননিরাপত্তা পরিস্থিতির জন্য বিএনপির সংস্কারবিরোধী অবস্থানকে দায়ী করেন। হাসনাতের ভাষ্য, ৫ আগস্টের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের সুযোগ তৈরি হলেও বিএনপি পুরোনো ব্যবস্থাকেই বহাল রাখার চেষ্টা করেছে।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া তরুণদের প্রত্যাশা শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না; তারা রাষ্ট্রের পুনর্গঠন ও কাঠামোগত সংস্কারও চেয়েছিলেন।
হাসনাত অভিযোগ করেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক ও স্বাধীন পুলিশ কমিশনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার উদ্যোগের পথে বিএনপি বাধা সৃষ্টি করেছে। তার দাবি, পুরোনো রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার প্রবণতার কারণেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও বিচারহীনতার মতো সমস্যা আরও প্রকট হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় দলীয় পরিচয় ও প্রভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে।
পোস্টের শেষাংশে হাসনাত বলেন, সংস্কারবিরোধী অবস্থান নিয়ে বিএনপি তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার মতে, পুরোনো ও ভঙ্গুর রাষ্ট্রকাঠামো ধরে রাখার চেষ্টা ভবিষ্যতে সরকার ও বিএনপির জন্য আরও সংকট তৈরি করতে পারে।