পবিত্র আশুরা উপলক্ষে আজ রাজধানীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এ উপলক্ষে মিছিলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট এড়াতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএমপি জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত, লালবাগ বিভাগের নির্ধারিত রুটে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া মিছিলটি হোসাইনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড ও লালবাগ চৌরাস্তা অতিক্রম করবে। এরপর গোর-এ-শহিদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ ও নিউমার্কেট মোড় হয়ে মিরপুর রোডে প্রবেশ করবে। পরে ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবি ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেকসংলগ্ন (কারবালা) অস্থায়ী বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হবে।
এর আগে, আশুরার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত চকবাজার, নাজিমুদ্দিন রোড ও বকশীবাজার এলাকার অভ্যন্তরীণ সড়কেও সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে মিছিলটি পুনরায় হোসাইনী দালান ইমামবাড়ায় ফিরে আসে।
ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ জানিয়েছে, তাজিয়া মিছিল চলাকালে শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। এ সময় গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চালকদের ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।