পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। আগামী আগস্ট থেকে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম।
শনিবার পাবনা সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, ঢাকা-পাবনা রুটে ট্রেন পরিচালনার জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন কোচ দেশে পৌঁছানোর পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টে এই রুটে ট্রেন চলাচল শুরু করা হবে।
তিনি বলেন, চলতি বছরের আগস্টে দুটি নতুন রুটে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে ঢাকা-পাবনা এবং পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চালু করা হবে।
রবিউল আলম আরও বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু হলে রাজধানীর সঙ্গে জেলার যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে। পাশাপাশি সড়কপথের ওপর চাপ কমবে এবং যাত্রীদের জন্য আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা তৈরি হবে।
কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। জনস্বার্থে দ্রুত প্রকল্প বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।