নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মোঃ সোবেল মিয়া
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ১৯ জুন (শুক্রবার) জুম্মার নামাজ শেষে। হরিতলা এলাকার বাদশা কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. জাকির মিয়া (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মোটরসাইকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার দিকে যাচ্ছিলেন জাকির মিয়া।
পথে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানির সামনে পৌঁছালে ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।