মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু সাজ্জাদ (২৪) আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কয়েকজন বন্ধু রাতে মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলের চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিহত হৃদয় ও আহত সাজ্জাদকে উদ্ধার করে। পরে আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত হৃদয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তার মায়ের নাম কাজল রেখা। আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় সৌদি আরবপ্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা ছিলেন।
হৃদয়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।