বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম্ বন্দ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নতুন চিফ অব মিশনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকার ও আইওএমের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারের আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ড. লরা টম্ বন্দ এমন সময়ে দায়িত্ব গ্রহণ করছেন, যখন বাংলাদেশ একদিকে নিরাপদ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণে কাজ করছে, অন্যদিকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী মানবিক সংকট মোকাবিলা করছে।
জবাবে ড. লরা টম্ বন্দ বলেন, বাংলাদেশের অভিবাসন পরিস্থিতি যেমন সম্ভাবনাময়, তেমনি চ্যালেঞ্জপূর্ণ। অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং সুশাসিত ও অন্তর্ভুক্তিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে তিনি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি, দুর্যোগ ও অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত সরকারি ও আঞ্চলিক উদ্যোগে আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
ড. টম্ বন্দ জানান, নিরাপদ শ্রম অভিবাসন, স্বাস্থ্য ও প্রাক-বহির্গমন সেবা উন্নয়ন, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষা ও পুনর্বাসনে আইওএম বাংলাদেশের পাশে থাকবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় কক্সবাজারে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে সংস্থাটি।
কানাডার নাগরিক ড. লরা টম্ বন্দ এর আগে প্রায় সাড়ে ছয় বছর মোজাম্বিকে আইওএমের চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন।