পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলামের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার সকালে হাসপাতালে গিয়ে তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।
জানা গেছে, ফেনীর বাসিন্দা ৭৪ বছর বয়সী হেদায়েতুল ইসলাম ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয়। প্রায় তিন বছরের বেশি সময় বিদেশে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
ধর্মমন্ত্রী বিষয়টি অবগত হওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
হাসপাতাল পরিদর্শনকালে ধর্মমন্ত্রী রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরিবারের সুবিধা বিবেচনায় হেদায়েতুল ইসলামকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশও দেন তিনি।
পরিবারের সদস্যরা ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসকদের মতে, বর্তমানে তার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।