রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটি-র সদস্যরা। শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর গুলশান-২ গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের পরও অনেক সময় আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এ জন্য বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা।
তারা আরও বলেন, শিশু রামিসার ওপর বর্বর নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে রায় কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা-র গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা-র বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তার-কেও গ্রেপ্তার করে পুলিশ।