পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, গণঅভ্যুত্থান বা জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। তিনি বলেন, এই আন্দোলনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি পুলিশও বিভিন্নভাবে ভূমিকা রেখেছে। এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে পুলিশের অবস্থান তুলে ধরেন আইজিপি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান নিয়ে কোনো বিভ্রান্তি বা একক মালিকানার ধারণা তৈরি করা ঠিক নয়। এটি ছিল জনগণের অধিকার ও দাবি আদায়ের আন্দোলন, যেখানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরাও পরিস্থিতি মোকাবিলায় মাঠে কাজ করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন উপস্থিত ছিলেন।