সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ কসমেটিকস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে যার বাজার মূল্য ৩৯ লক্ষ টাকা। বুধবার (৪ মার্চ) বিকেলে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই কার্যক্রম সম্পন্ন হয়।
আদালত সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় পুলিশ ও বিজিবির অভিযানে উদ্ধার হওয়া এসব আলামত মামলার আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
ধ্বংসকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, বিদেশি মদ এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের স্কিন ক্রিম ও প্রসাধন সামগ্রী।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তাদের উপস্থিতিতে তরল মাদক ড্রেনে ঢেলে এবং অন্যান্য মাদক ও কসমেটিকস আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আদালত কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কঠোর অবস্থান চোরাকারবারিদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।