সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গরু ও মহিষের গাড়ি সাজিয়ে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি দৃষ্টিনন্দন র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে পথচারী ও স্থানীয় দর্শকদের মূল আকর্ষণ ছিল গ্রামবাংলার আবহমান রূপ। সুসজ্জিত গরু ও মহিষের গাড়ির পাশাপাশি শোভাযাত্রায় তুলে ধরা হয় ধানের চারা রোপণ ও বীজতলার প্রতিকৃতি। এছাড়া ব্যান্ডপার্টির সঙ্গে নেতাকর্মীদের নাচ-গান পুরো আয়োজনে বাড়তি আমেজ তৈরি করে।
আলোচনা সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা দলের ইতিহাস, ঐতিহ্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আদিতমারী উপজেলার পাশাপাশি জেলা সদরসহ লালমনিরহাটের অন্য চারটি উপজেলাতেও বর্ণিল নানা কর্মসূচির মাধ্যমে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটি উদযাপন করেন।