প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়-এ পুরনো কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রায় ১৯ বছর আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সে সময়কার কয়েকজন কর্মচারী এখনো কর্মরত আছেন। তাদের মধ্যে কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকেন এবং পরিবারের খোঁজখবর নেন। বিষয়টি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সকালে কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর ভবনে প্রবেশের সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কর্মচারীদের শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তিনি দূর থেকে একজন পুরনো কর্মচারীকে দেখে নাম ধরে ডাকেন। পরে আরও কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, দীর্ঘ সময় পরও কর্মচারীদের নাম মনে রাখা এবং আন্তরিকভাবে খোঁজ নেওয়ায় অনেকে আবেগাপ্লুত হন। পরে প্রধানমন্ত্রী রেড ব্লকে নিজ কক্ষে প্রবেশ করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।