নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ছাগল, হাঁস ও কবুতর পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশ চন্দ্রকে শোকজ করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির অপরিচ্ছন্ন পরিবেশ, গেট বন্ধ রাখা এবং ভবনের ছাদে ছাগল, হাঁস ও কবুতর পালনের অভিযোগ উঠে আসে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর গত ১৬ সেপ্টেম্বর নীলফামারী পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আল কামাল ফার্মাসিস্ট পলাশ চন্দ্রকে শোকজ করেন।
একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয় বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান।
এ বিষয়ে ভোগডাবুড়ী পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক শাহাদাত হোসেন জানান, ছাগল পালনের বিষয়টি তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আগেই অবহিত করেছিলেন।
শোকজের পর গত ১৭ সেপ্টেম্বর ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের সামনের ময়লা-আবর্জনা পরিষ্কারের নির্দেশ আমাকে দেওয়া হয়। আমি সেগুলো পরিষ্কার করেছি।
ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান জানান, নীলফামারী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক এস এম আল কামাল স্যার ফার্মাসিস্ট পলাশ চন্দ্রকে শোকজ করেছেন। আমাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।