সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ( ২৫ জুন) সকালে দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন মাদক একটি নীরব ঘাতক, যা মানুষের মেধা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের কবলে পড়লে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে।
তিনি বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের সাহসিকতা ও নিষ্ঠার ফলেই বিপুল পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়েছে।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেনসিডিল, ৪ হাজার ৫১১ বোতল ফেয়ারডিল, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৪৫ হাজার ৮৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪০ গ্রাম কোকেন, ১০ গ্রাম হেরোইন ও ৩ দশমিক ৩৭৭ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
এসময় বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। সীমান্ত ব্যবহার করে মাদক প্রবেশের অপচেষ্টা রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।