শেখ নজরুল ইসলাম তালা সাতক্ষীরা
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান থেকে চোরাচালানী ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
জব্দকৃত ওষুধের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব ওষুধ বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় ওষুধ শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত চোরাচালানী মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং স্থানীয় শিল্প বিকাশে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।