টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সেমিফাইনালে প্রথমার্ধ শেষে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে স্পেন। বুধবার (১৫ জুলাই) ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল।
ম্যাচের ২০তম মিনিটে বক্সের ভেতরে লামিন ইয়ামালকে ফাউল করেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। ভিএআর পর্যালোচনার পর রেফারি স্পেনকে পেনাল্টি দিলে শান্তভাবে শট নিয়ে গোলরক্ষক মাইক মাইনিয়ঁকে পরাস্ত করেন ওইয়ারসাবাল।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। তবে ২৯তম মিনিটে বড় ধাক্কা খায় দলটি। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা। তার পরিবর্তে মাঠে নামেন ম্যাক্সাঁস লাক্রোয়া।
এদিকে ম্যাচে রেফারিং নিয়ে ফরাসি শিবিরে অসন্তোষ দেখা যায়। উসমান দেম্বেলের ওপর ফাউলের পর পাওয়া একটি ফ্রি-কিক ভিএআর পর্যালোচনার মাধ্যমে বাতিল করা হয়। এছাড়া পেনাল্টিসহ কয়েকটি সিদ্ধান্ত নিয়েও ফ্রান্সের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যায়।