২০২৬ বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পৌঁছায় বিশ্বচ্যাম্পিয়নরা। বিমান থেকে বের হয়েই অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। এ সময় তার পাশে ছিলেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান।
রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়নও স্পেন, যারা ২০২৪ সালে লুইস দে লা ফুয়েন্তের অধীনে ইউরো শিরোপা জিতেছিল।
মাদ্রিদে পৌঁছানোর পর ফুটবলার ও কোচিং স্টাফ বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন এবং সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন।
বিশ্বচ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সূচি অনুযায়ী, দলটি প্রথমে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে রাজপ্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর ছাদখোলা বাসে করে রাজধানীর সিবেলেস স্কয়ারে যাবে, যেখানে সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপনে অংশ নেবে তারা।
স্পেনজুড়ে এই বিজয় উৎসবে প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।