পাসপোর্ট সেবায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকারের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি, দালালচক্রের দৌরাত্ম্য ও ঘুষ লেনদেনের চিত্র তুলে ধরেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, অনলাইনে আবেদন, সরকারি ফি জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও পাসপোর্ট অফিসে নানা অজুহাতে আবেদনকারীদের হয়রানির শিকার হতে হয়। জন্মতারিখ ও নামের বানানে অসংগতি কিংবা কাগজপত্রের ত্রুটি দেখিয়ে আবেদন আটকে রাখা হয়। অথচ অফিসের বাইরে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি দাবি করেন, সরকারি ফির বাইরে দ্রুত পাসপোর্ট পেতে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার নজির রয়েছে।
টিআইবির ২০২৬ সালের জুনে প্রকাশিত জাতীয় খানা জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, পাসপোর্ট সেবা নেওয়া ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। আর ৮৪ দশমিক ৪ শতাংশ পরিবার কোনো না কোনো দুর্নীতির শিকার হয়েছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবার সময়সীমা ও অভিযোগ নিষ্পত্তির তথ্য প্রকাশের দাবি জানান তিনি। পাশাপাশি আবেদন আটকে রাখার কারণ লিখিতভাবে জানানো, স্বাধীন তদন্ত এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সরকারের কাছে প্রশ্ন রেখে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পাসপোর্ট সেবায় দুর্নীতি বন্ধে কী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, কত দিনের মধ্যে পরিবর্তন আসবে এবং অগ্রগতির হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে।
তাঁর মতে, পাসপোর্টের আবেদন করতে ইন্টারনেট লাগবে, কিন্তু সেবা পেতে দালালের প্রয়োজন হওয়া উচিত নয়।