আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। তাঁর বুকে-পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান।
নূর হোসেনের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে নতুন গতি দেয়। তাঁর স্মৃতিকে ধরে রাখতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের নামকরণ করা হয়েছে ‘শহীদ নূর হোসেন স্কয়ার’। প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, ৭ দল ও ৫ দলের উদ্যোগে সচিবালয় ঘেরাও ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র-জনতা ও গণতন্ত্রকামী মানুষ অংশ নেন। পুলিশের গুলিতে নূর হোসেন ছাড়াও যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন।
পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলন ও ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এর মধ্য দিয়ে অবসান ঘটে প্রায় নয় বছরের স্বৈরশাসনের।
এদিকে, জাতীয় পার্টি ১০ নভেম্বরকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে। ১৯৮৬ সালের এই দিনে এরশাদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই দলটি দিবসটি পালন করে আসছে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।