শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভে ফেটে পড়েছে আন্দোলনরত সংগঠন ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) সারাদিন শাহবাগে অবস্থান নিয়ে ছাত্র–জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেয়।
বিক্ষোভ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনকারীরা দাবি জানান, শুধু খুনিদের গ্রেপ্তার নয়—এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তাদের অভিযোগ, সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও খুনিদের বিচারে তারা ব্যর্থ হয়েছে।
তিনি উপদেষ্টাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা দিচ্ছে—সেই নামগুলো প্রকাশ করতে হবে। অন্যথায় বিচারহীনতার দায় সরকারকেই নিতে হবে।