বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পুরো দেশকে ব্যথিত করেছে বলে মন্তব্য করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আবেগঘন বক্তব্য দেন।
আলাল বলেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত—বাংলাদেশের এমন কোনও হৃদয় নেই যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি, হাত তুলে প্রার্থনা করা হয়নি। দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরাও সমানভাবে উদ্বেগ ও আকুলতায় দোয়া করছেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে আজ যেন গোটা দেশের বাতাস কাঁদছে। এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যিনি তার এই অবস্থায় মর্মাহত নন।”
ব্যক্তিজীবনের দুঃখ-ব্যথা স্মরণ করে আলাল বলেন, বহু আগে তিনি স্বামী-সন্তান হারিয়েছেন। বহু বছর পুত্র, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গ থেকেও দূরে। বাংলাদেশের মানুষকেই তিনি নিজের পরিবার মনে করেন। “পুরো দেশকে তিনি নিজের হৃদয়ের মানচিত্রে এঁকে রেখেছেন”—বলেন আলাল।
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে রাখা হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকতেই আমি আমার নিজের মায়ের মৃত্যুসংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি—যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে।”
দোয়া মাহফিলে উপস্থিত সবার উদ্দেশে তিনি আল্লাহর রহমত কামনা করে বলেন, “হে আল্লাহ, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন। আপনার চেয়ে বড় চিকিৎসক কেউ নেই।”
অনুষ্ঠানে প্রতিবন্ধী সংগঠনের সদস্য, শিক্ষক, সাধারণ মানুষসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন।