দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ অপকর্ম করলে তাকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায় সাহেব বাজারে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রায় সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইশরাক হোসেন বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, সাধারণত যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাদের সরকারি দলের পরিচয়ই ব্যবহার হয়। কারণ তখন বিরোধী দলের পরিচয় ব্যবহার হবে না। কিছু ব্যক্তি আমাদের দলীয় পরিচয় ব্যবহার করে আমাদের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বেলাইনে যাওয়ার চেষ্টা করছে।’
তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ বলতে কী বোঝায়, তা দ্রুতই দেখিয়ে দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তিনি তা মেনে পদত্যাগ করেছেন।
দলের পরিচয় ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ইশরাক।
তিনি বলেন, ঢাকা-৬ এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছেন। তাঁদের মধ্যে যারা সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তাদের ওপর তার আস্থা রয়েছে। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তারা তা চিহ্নিত করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইশরাক বলেন, ‘আমরা যখন সামনে থাকি, আবার আমরাও দেখি না পরে গিয়ে কী করেন। সেটা সব সময় সঠিক তথ্য পেতে সময় লাগে।’ এ কারণে সরকারকে ধৈর্য ধরে কাজ করার সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন ইশরাক। এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ নিজেদের বিবেচনায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন—সরকার কী করছে এবং কী করতে চাচ্ছে।
এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ইশরাক বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট ছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আগামী কয়েক বছরের মধ্যে লোডশেডিং বা কোনো ধরনের ঘাটতি না থাকে এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত করা যায়।
এলাকার ছোট-বড় সমস্যাগুলো দ্রুত তার কাছে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ছোট-বড় যেকোনো সমস্যায় চোখে পড়বেন। দ্রুত আমার কাছে নিয়ে আসবেন। দ্রুত আমরা সেটা সমাধান করব।’
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, তারা পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য তিনি তাদের শুভকামনা জানান।
অনুষ্ঠানে রায় সাহেব বাজার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।