নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, বরং ভারতের পরিচালিত একটি সংগঠন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগ সব সময় ভারতকে নিজেদের আশ্রয়স্থল মনে করে। অথচ অতীতে বিএনপি ও জামায়াতকে পাকিস্তানপন্থি হিসেবে আখ্যা দিয়ে নিজেদের দেশপ্রেমিক প্রমাণের চেষ্টা করেছে দলটি। তার ভাষায়, আওয়ামী লীগের এমন বক্তব্যে ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ প্রবাদটি মনে পড়ে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রতিরোধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বরং বিরোধী দলের নেতাকর্মীদের চাপে রাখার চেষ্টা করা হচ্ছে।
বিএনপির সমালোচনা করে সারজিস বলেন, সংসদ নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা জুলাইয়ের আদর্শের পরিপন্থী।
ভারতের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখা উচিত। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়েও সমালোচনা করেন তিনি।
আলোচনা সভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।