আওয়ামী লীগ পুনর্বাসিত হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা জীবন হারানোর ঝুঁকিতে পড়বেন, আর বিএনপি রাজনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ ফিরে এলে জনগণের ওপর প্রতিশোধ নেওয়ার আশঙ্কা রয়েছে। জনগণ আওয়ামী লীগকে কীভাবে দেখবে, সেটি নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা ঠিক হবে না। তাই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।
বিএনপির একটি অংশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এনসিপির নেতাকর্মীরা জীবন হারানোর ঝুঁকিতে পড়বেন। অন্যদিকে বিএনপির পুরো সরকার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। অতীতে এমন সম্পর্কের কারণেই বিএনপির আন্দোলন-সংগ্রাম ব্যাহত হয়েছে এবং দলের বিভিন্ন বৈঠকের তথ্য আগেই আওয়ামী লীগের কাছে পৌঁছে যেত।
হাসনাত বলেন, ৫ আগস্টের পর জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছিল, দলটি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।