শহীদ শরিফ ওসমান হাদিকে চেতনা ও বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করে তার হত্যাকারীদের উপযুক্ত বিচারের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের প্রসঙ্গ টেনে কামরুজ্জামান বলেন, হাদির চেতনা ও আদর্শ শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। এই চেতনাকে তারাও ধারণ করেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এই আদর্শ ধারণ করেন বলে মন্তব্য করেন তিনি।
ওসমান হাদির স্মৃতিচারণ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, মৃত্যুর আগের দিন বৃহস্পতিবার এনটিভির একটি টকশোতে তারা একসঙ্গে অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের মতো রিকশায় চলাচল করতেন হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায়ই তিনি প্রাণ হারান।
কামরুজ্জামান বলেন, হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম, যা ভুলে যাওয়ার নয়। কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যার স্থান হয়েছে, তিনি ইতিহাস থেকে কখনো হারিয়ে যাবেন না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হাদি হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। হত্যাকারীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।