দেশি-বিদেশি বিভিন্ন মহল বাংলাদেশকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, গত জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর প্রতি যে আস্থা ও প্রত্যাশা দেখিয়েছে, তার যথাযথ প্রতিফলন ঘটাতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে কাজ করছে জামায়াত। এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নগর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর শেরেবাংলা নগর উত্তর থানার নাগরিকদের অংশগ্রহণে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে নগরীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।
এদিকে সোমবার রাতে হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগেও একটি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।