আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল্লাহপুর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ একটি জঙ্গি ও সন্ত্রাসীদের দল, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে।
দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে থাকা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারকে সহযোগিতা করতেই তারা মাঠে থাকবেন।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসসহ সব ধরনের প্রতিপক্ষকে মোকাবিলা করতে হবে। জনগণের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শোভাযাত্রা ও সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।