পদে থাকা না থাকার চেয়ে জনগণের পাশে থাকা এবং তাদের জন্য কাজ করাকেই রাজনীতির মূল লক্ষ্য হিসেবে দেখেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, মেয়র, মন্ত্রী কিংবা সংসদ সদস্য—যে পদেই থাকুন বা না থাকুন, আজীবন জনগণের জন্য রাজনীতি করে যাবেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দয়াগঞ্জ সুইপার কলোনিতে গণেশ পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, পদগুলো সাময়িক। তবে জনগণের মনে জায়গা করে নেওয়া এবং তাদের ভালোবাসা ধরে রাখতে পারাই স্থায়ী বিষয়। জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দয়াগঞ্জ সুইপার কলোনির বাসিন্দাদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকার পরিবেশ ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের জন্য মন্দির নির্মাণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
বিদ্যুৎ বিল মওকুফের দাবির বিষয়ে ইশরাক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। এ ছাড়া বর্তমান গ্যাস সংকট প্রসঙ্গে তিনি দাবি করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সংকট তৈরি হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।