পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’দের সৃষ্টি করেছে। তারা আজ বাংলাদেশে ‘বেয়াদব কণ্ঠ’ হাজির করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশে বিরোধী দল একাধিক নয়, বিরোধী দল বলতে তিনি জামায়াত-শিবিরকেই বোঝেন। তার দাবি, নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় রাজনীতিতে আসা এনসিপিও জামায়াত-শিবিরের নেতৃত্বে একই ধারায় যুক্ত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী শক্তির বাইরে দুটি পক্ষ রয়েছে। একটি জামায়াত-শিবিরপন্থি পক্ষ এবং অন্যটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ। তার অভিযোগ, একটি পক্ষ প্রতিনিয়ত বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, যার নিজস্ব গঠনতন্ত্র ও নিয়ম রয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কেউ অশালীন ও রুচিহীন বক্তব্য দিলে বিএনপিতে তার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সতর্ক রয়েছেন এবং এরই মধ্যে অনেককে বহিষ্কার ও দল থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর একটি পক্ষ শুধু জুলাই আন্দোলনকে বিভক্ত করেনি, বরং বাংলাদেশের রাজনীতিতেও বিভাজন তৈরি করেছে। তারা ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ্যানি বলেন, ২০২৩ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীব হত্যার সময় অনেককে দেখা যায়নি। ১৭ বছর ধরে যারা আন্দোলনে ছিলেন না, তারা এখন নিজেদের জুলাইযোদ্ধা হিসেবে দাবি করছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ দলীয় নেতারা।