দেশের সব মহানগরী ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। আগামী ৬ আগস্ট এ কর্মসূচি পালন করা হবে।
সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে জোটের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠক শেষে জোটের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ৫ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
পরদিন ৬ আগস্ট দেশের সব মহানগরী ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
জোটের পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্টের গণসমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ছাড়া ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।