জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, দলটি নিজেদের জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ দাবি করলেও অতীতে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বছরের পর বছর জামায়াত তাদের মগবাজার কার্যালয়ের তালাও খুলতে পারেনি, অথচ এখন তারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবি করছে। তার অভিযোগ, এ ধরনের দাবি জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রহসনের শামিল।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি আন্দোলন চলাকালে চিকিৎসা, খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে বিএনপি নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিএনপি সনদ বাস্তবায়নের বিষয়ে নিজেদের অবস্থানে অটল রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ ইস্যুতে জামায়াত জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এসব বিষয়ে জনগণ সাড়া দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।