জামায়াতে ইসলামীর আন্দোলনের দাবি ছয় দফা থেকে আট দফায় কীভাবে পরিণত হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, আগের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, ‘জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে।’ আর এবারের লংমার্চে তিনি বলেছেন, ‘জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে।’
এ নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, ‘কিন্তু জাতি কি জানে, তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’
দাবির সংখ্যা পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, যে নেতা নিজের দাবিদাওয়া ঠিক রাখতে পারেন না, তিনি সমগ্র জাতির নেতা হতে পারেন না।
পোস্টে এনসিপির কর্মসূচিতেও জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। আগের দিন জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপির কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতিই বেশি মনে হয়েছে।
কোনো বাধা না থাকা সত্ত্বেও কর্মসূচিতে প্রত্যাশিত জনসাড়া দেখা যায়নি বলেও দাবি করেন তিনি। এর কারণ এনসিপির খুঁজে দেখা উচিত বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টের শেষাংশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আগের রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গও তোলেন তিনি। রাশেদ খাঁনের দাবি, নির্বাচনের আগে নাহিদ ইসলাম বলেছিলেন, দেশের মানুষ জামায়াতের নেতৃত্ব গ্রহণ করবে না।
তিনি আরও দাবি করেন, পরবর্তী সময়ে নাহিদ ইসলাম জামায়াত আমিরের নেতৃত্ব গ্রহণ করার পর থেকে দুই নেতার কারও আহ্বানেই জনগণের প্রত্যাশিত সাড়া দেখা যাচ্ছে না।