প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁনের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন সাদ্দাম।
রংপুরে বিরোধী দলগুলোর লংমার্চ নিয়ে রাশেদ খাঁনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সাদ্দাম বলেন, রাশেদ খাঁনের কাজই হচ্ছে জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা। তার দাবি, ইতিবাচক বিষয়কেও নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
লংমার্চ প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি বলেন, শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে এ কর্মসূচি দেওয়া হয়নি। সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগের অবসান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয় রয়েছে।
তিনি দাবি করেন, বিরোধী দল ও ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে ছাত্রশিবিরের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।