জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে সরকারকে রাজনৈতিকভাবে জবাবদিহির মুখে পড়তে হবে। একই সঙ্গে তিনি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা করেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার কৃষি কার্ড, ধর্ম কার্ড ও প্রবাসী কার্ড চালু করেছে। এর বিপরীতে এনসিপি প্রতীকীভাবে ‘সন্ত্রাসী কার্ড’, ‘চাঁদাবাজি কার্ড’, ‘দখলবাজি কার্ড’ এবং একটি ‘লাল কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে। তার ভাষ্য, ‘সন্ত্রাসী কার্ড’ বিএনপিকে, ‘চাঁদাবাজি কার্ড’ ছাত্রদলকে, ‘দখলবাজি কার্ড’ যুবদলকে এবং ‘লাল কার্ড’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হবে।
নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করেছিল। কিন্তু সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার সরকারও জনগণের মতামতকে গুরুত্ব দেয়নি এবং তার রাজনৈতিক পরিণতি হয়েছিল। একইভাবে সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারেরও রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই শতাধিক আসন পেয়ে তারেক রহমানের এত পাখা গজিয়েছে, এত আকাশে উড়ছে; সংস্কার যদি না হয়, সব পাখা ভেঙে মাটিতে পড়ে যাবে।’
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ভারতের সঙ্গে সমঝোতা এবং আওয়ামী লীগের সঙ্গে ভোটব্যাংকভিত্তিক সমঝোতার পথে হাঁটছে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।