বিদ্যুৎ সংকট নিয়ে সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি সরকারের সময় মানুষ বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেনের ওপর নির্ভর করতে বাধ্য হয়েছিল।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মানুষ ভোগান্তিতে ছিল। বর্তমানে বিদ্যুৎ সংকট নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশে লোডশেডিং নেই—এমন দাবি বাস্তবতার সঙ্গে মিল নেই এবং জনগণ লোডশেডিংমুক্ত বাংলাদেশ চায়।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অনিয়ম হয়েছে। একই সঙ্গে গণভোট ও নির্বাচন প্রক্রিয়া নিয়েও তিনি সমালোচনা করেন।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি না হলে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে না। তিনি বলেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
পথসভায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, নদীভাঙন রোধ এবং আঞ্চলিক উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান।
তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন এবং দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।