বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির নেত্রী ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
রাকিব বলেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধা এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার অবদান রয়েছে। তবে একটি টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যে তিনি এবং ছাত্রদলের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।
তিনি আরও বলেন, ওই বক্তব্য তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নিলোফার চৌধুরী মনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ বলেই তারা বিশ্বাস করেন। সে কারণে গণঅভ্যুত্থানের মতো সংবেদনশীল বিষয়ে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য প্রত্যাশা করেন।
রাকিবের এই ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে নিলোফার চৌধুরী মনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।