বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, তার দল কখনোই কোনো দেশের দালালি করে না; বরং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় আপসহীন অবস্থানে রয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, গত প্রায় ১৮ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল, যার কারণে দেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি। তিনি আরও দাবি করেন, বিএনপিকে ভারতের দালাল বলে যারা প্রচার চালান, তারা বাস্তবতার কাছে ভুল প্রমাণিত হয়েছেন।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। তবে সেই সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে হতে হবে। কোনো ধরনের আধিপত্য বা একতরফা প্রভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে চাঁদাবাজি, সালিশের নামে অর্থ আদায় কিংবা পরিবহন খাত থেকে অবৈধভাবে টাকা সংগ্রহ থেকে বিরত থাকার আহ্বান জানান। এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে বিএনপির রাজনীতি করার সুযোগ থাকবে না বলেও সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এবং কালীগঞ্জ থানার ওসির কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বিএনপির স্থানীয় কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।