সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন করে ডা. শফিকুর রহমান বলেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি বলেন, সংসদই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্র হওয়া উচিত এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সংসদকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা এবং উভয় দেশের স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে তিনি বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
দেশের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা রপ্তানি খাতকে আরও বহুমুখী করার আহ্বান জানান। তিনি বলেন, শুধু তৈরি পোশাক ও জনশক্তির ওপর নির্ভর না করে নতুন নতুন রপ্তানি খাত গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
এছাড়া রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দল উভয়েরই পারস্পরিক সম্মান বজায় রেখে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।