অনেক প্রাণ ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পুরোনো অবস্থায় ফিরিয়ে না নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
তিনি সতর্ক করে বলেছেন, দেশকে যদি আবার অতীতের পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তার ফল ভালো হবে না।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। মাহমুদা মিতু বলেন, গত ১৭ বছরে দেশের অসংখ্য মানুষ নানা ধরনের নির্যাতন, বঞ্চনা ও ত্যাগের মধ্য দিয়ে গেছেন। সেই বাস্তবতার প্রতিফলন বর্তমান সংসদেও রয়েছে।
তিনি বলেন, এই সংসদকে অনেকেই ‘মজলুমের সংসদ’ বলে অভিহিত করেন। এখানে এমন সদস্য রয়েছেন যারা প্রিয়জন হারিয়েছেন, রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন কিংবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েও ফিরে এসেছেন। তাই এই সংসদ শহীদের রক্ত ও ত্যাগের স্মারক বহন করে।
রাজনৈতিক জীবনকে কঠিন সংগ্রামের পথ উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে জয়-পরাজয় থাকলেও লড়াই কখনো শেষ হয় না। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি নির্ভার ও শান্তির ঘুম ঘুমাতে পারেন না।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।