জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি সংসদের মাধ্যমে হওয়া উচিত। তবে তা না হলে রাজপথেই এর ফয়সালা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার জানান, আগামী ২১ জুন ১১ দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকেই পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তিনি বলেন, ২০ জুন দুপুর ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের আমির ডা. শফিকুর রহমান উপস্থিত থাকবেন। সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, শহর ও গ্রামে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক আসন ও অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
জামায়াতের এই নেতা আশা প্রকাশ করেন, সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি হবে এবং তাদের দাবিগুলোর প্রতি জনসমর্থন আরও সুদৃঢ় হবে।